৭২ ঘণ্টায় দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা

এশিয়া পোস্ট নিউজ
৭২ ঘণ্টায় দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা
ছবি : সংগৃহীত

আগামী ৭২ ঘণ্টায় দেশের ৫ জেলায় বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে ৮ জেলার নদীসংলগ্ন নিম্নাচল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সোমবার (৬ জুলাই) এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অতি ভারী বৃষ্টিপাতের কারণে এমন পরিস্থিতি হতে পারে বলেও জানানো হয়েছে।

বলা হয়েছে, আগামী ৫ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ ছাড়া ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে তৎসংলগ্ন এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে।

এ ছাড়াও আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। সেই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।