চিড়িয়াখানা থেকে সরানো হলো আলোচিত মহিষ ‘ট্রাম্পকে’

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আনা হয়েছে। অ্যালবিনো (ধল) জাতের এই মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিএলআরআই কর্মকর্তারা জানান, রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটিকে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে। মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
গৌতম কুমার দেব জানান, মহিষটি বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে। যেহেতু এটি চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত এটিকে পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে মহিষটি রোগমুক্ত কি না তা নিশ্চিত করা এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কীভাবে গবেষণায় ব্যবহার করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালনপালন করা হচ্ছিল। মহিষটির মাথার ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে এর নাম রেখেছিলেন।
পরবর্তীতে মহিষটি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হলে এটি ব্যাপক আলোচনায় আসে।
জিয়া উদ্দিন মৃধা মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে বিক্রি করেছিলেন। কোরবানির ঈদ সামনে রেখে ২৫ মে বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে আসেন মনিরুজ্জামান।
তবে ঈদের আগের দিন (বুধবার) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মনিরুজ্জামানের বাড়ি থেকে মহিষটি উদ্ধার করে। শুরুতে কেরানীগঞ্জ থানায় নেওয়া হলেও পরবর্তীতে মহিষটির ঠাঁই হয়েছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।






