বিনা খরচে মালয়েশিয়ায় পাঠাতে ১ হাজার ১০৩ চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ লক্ষ্যে দেশের বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সংস্থাটি।
বোয়েলেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, নতুন করে ৫৩৫ জনের নিয়োগের চাহিদাপত্র এসেছে। আর প্রথম পর্যায়ে আসা ৫৬৮ জনের নিয়োগ প্রক্রিয়া চলছে। এরমধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। ৭০ জনের কলিং ভিসা হয়ে গেছে। এ মাসের শেষে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে।
বোয়েসেল সূত্রে জানা গেছে, সরকারের এই বিশেষ উদ্যোগের আওতায় নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার জন্য কোনো ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না। কর্মীদের যাতায়াতসহ অভিবাসনসংক্রান্ত নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। পাশাপাশি বোয়েসেলও কর্মীদের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ বা অভিবাসন ব্যয় নেবে না।
ইতোমধ্যে প্রাথমিকভাবে মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে ১১২ জন কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য অনলাইন অটোমেশন ও কর্মী বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্নের পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সত্যায়ন সাপেক্ষে ধাপে ধাপে কর্মীদের সেখানে পাঠানো হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত অভিবাসন ব্যয়ের চাপ থেকেও মুক্তি পাবেন সাধারণ কর্মীরা। ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা পূরণে প্রাপ্ত চাহিদাপত্র অনুযায়ী নিয়োগ ও বাছাই কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।




