চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি দেওয়া হবে। একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আমিনুল হক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। এই কারণে সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে ব্যবস্থাপনা দেখলাম, জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটা দুঃখজনক।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ের সাতটি ইভেন্টকে নিয়ে নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছে সরকার। একই দিনে দেশের ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।
প্রতিমন্ত্রী বলেন, সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সকল জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দিয়েছেন। সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। গত এক বছরে দেশের হয়ে পদক জয়ীদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম দিন ১২৯ জনকে ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে, সাত দিনের ভেতরেই বাকি ৫০০ জনকে দেওয়া হবে।
এ সময় সিলেট জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।