সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের সংশোধিত তারিখ নির্ধারণ

মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো একটি ঘরও অন্য কাউকে ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। ইতোমধ্যে যারা এসব বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া দিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই সেখান থেকে ভাড়াটিয়া তুলে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে নতুন আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি আবাসন পরিদপ্তর কর্তৃক গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরের অধীন বাসা/ফ্লাটে সাবলেট/ভাড়া বন্ধকরণ বিষয়ক গণবিজ্ঞপ্তি এবং মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির ৯ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা/ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক কর্তৃক তার নামে বরাদ্দকৃত বাসা/ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক (এক বা একাধিক রুমসহ) কোনোভাবেই সাবলেট/ভাড়া প্রদান করতে পারবেন না।’
আরও বলা হয়, ‘যারা ইতোমধ্যে সাবলেট/ভাড়া প্রদান করেছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেট/ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান/ বসবাস করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’
সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো বাসায় সাবলেট/ভাড়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে তাদের আওতাধীন সরকারি বাসা ও ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া বন্ধে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল।
পরে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এই সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হলো।





