logo

চিফ হুইপের দাওয়াতের মেনু শুনে সংসদে হাসির রোল 

চিফ হুইপের দাওয়াতের মেনু শুনে সংসদে হাসির রোল 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের কার্যক্রম শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়। অধিবেশনের বিরতির আগে সংসদ সদস্যদের মধ্যাহ্নভোজের দাওয়াত দেন চিফ হুইপ নূরুল ইসলাম। এ সময় সংসদ সদস্যরা আপ্যায়নের মেনু জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বললে অধিবেশনে হাসির রোল পড়ে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা ৫৩ মিনিটে সংসদ অধিবেশন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। 

অধিবেশনের বিরতির আগে চিফ হুইপ সকল সংসদ সদস্যদের উদ্দেশ করে বলেন, আপনারা সবাই অবগত আছেন জুমার নামাজের পর মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু বিকেলে আমরা আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব, ইনশাআল্লাহ।

এ সময় নূরুল ইসলাম স্পিকারকেও বিশেষভাবে এই মধ্যাহ্নভোজে যোগ দিতে আমন্ত্রণ জানান। দাওয়াত দেওয়ার এক পর্যায়ে সংসদ সদস্যরা খাবারের মেনু জানতে চান। তখন রসিকতা করে চিফ হুইপ বলেন, ভাই আপ্যায়নে সবই হয়। আপনাদের জন্য সাগর থেকে ৩টি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ। তার এই মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

এদিকে অধিবেশনের বিরতির আগে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের মধ্যে আরও ১০টি বিল পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়।

পাস হওয়া বিলগুলো হলো—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’; ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।