ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১১ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

অনলাইনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রায় ৩১১ কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৩০ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, গত ২৯ মার্চ রাজধানীর কাফরুল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় মো. রাসেল ও শামীমা নাসরিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইভ্যালির মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রির নামে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অর্ডার গ্রহণ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করে নানা অজুহাতে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়।
এছাড়া বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করেও তার মূল্য পরিশোধ না করার অভিযোগ পাওয়া গেছে। ফলে গ্রাহক ও মার্চেন্ট— উভয়পক্ষই প্রতারণার শিকার হন।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, অভিযুক্তরা আত্মসাৎ করা অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি ক্রয়, বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন এবং বিদেশ ভ্রমণসহ ব্যক্তিগত ভোগ-বিলাসে লিপ্ত ছিলেন।
গ্রাহকদের বারবার পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
এ ঘটনায় হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন। আত্মসাৎ করা অর্থ উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে সিআইডির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ইভ্যালিকে ঘিরে পূর্বেও নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠে, যা দেশের ই-কমার্স খাতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।