ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন চীনের ইউনান পিপলস কংগ্রেসের প্রতিনিধিরা।
শুক্রবার (১২ জুন) ইউনান প্রদেশের কুনমিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল, সুলতানা জেসমিন ও চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
অন্য দিকে চীনের পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান (ইউনান সংসদের স্পিকার) ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক ওয়াং নিং। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ইউনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক লি চাউইয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক শি জানবিন।
বৈঠকে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুপক্ষ একমত হয়। বিশেষ করে, স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, রোড কানেকটিভিটি কীভাবে আরও বৃদ্ধি করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশে স্বাস্থ্য খাতে কীভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায়, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে।
