জাতিসংঘ শান্তিপ্রতিষ্ঠা কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

জাতিসংঘের শান্তিপ্রতিষ্ঠা কমিশনের (পিবিসি) ২০২৬ সালের সহসভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে কমিশনের পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিশনের ২০তম অধিবেশনের বৈঠকে মরক্কোকে সভাপতি ও জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও বাংলাদেশকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
শান্তিপ্রতিষ্ঠা কমিশন একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা, যা সংঘাত-পরবর্তী ও সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করে। এই কমিশনে মোট ৩১টি সদস্য রাষ্ট্র রয়েছে। যারা জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ শান্তিরক্ষী ও আর্থিক অবদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত হন।
২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ শান্তিপ্রতিষ্ঠা কমিশনের সদস্য। এর আগে বাংলাদেশ ২০১২ সালে কমিশনের চেয়ারম্যান এবং ২০১৩ ও ২০২৩ সালে ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে।
২০তম অধিবেশনের প্রথম বৈঠকে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে শেফ দ্য ক্যাবিনেট উপস্থিত থেকে বক্তব্য দেন, যেখানে পিসবিল্ডিং কমিশনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়।
এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা ও বিশ্বাস রাখার জন্য কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি নির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করে।
সূত্র : ইউএনবি