সব জাদুঘরে সপ্তাহে একদিন ফ্রি প্রবেশের সুযোগ, পাবেন যারা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরসহ দেশের সব জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সে হিসেবে সপ্তাহে অন্তত একদিন কোনো ধরনের টিকিট ছাড়াই শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পারবেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের নানা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের একটি নির্দিষ্ট দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে স্কুলের ওপরের শ্রেণির শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। এই ব্যবস্থা কেবল সরকারি স্কুলেই সীমাবদ্ধ থাকবে না, বরং পর্যায়ক্রমে সব ধরনের স্কুলের শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে।
জাদুঘর পরিদর্শনে শিক্ষার্থীদের টিকিটের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘টিকিট ফ্রি, ইটস ফ্রি অব কষ্ট।’
তিনি আরও জানান, এই উদ্যোগ কেবল একটি জাদুঘরেই সীমাবদ্ধ থাকছে না। শাহবাগের জাতীয় জাদুঘরসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং অন্য মন্ত্রণালয়ের অধীনে থাকা ঢাকার বাইরের সব জাদুঘরেও সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।
উদ্বোধনের পর থেকে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর ঘিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, শুরুর দিকে অতিরিক্ত উপচে পড়া মানুষের আগ্রহের কারণে একদিন সামান্য ব্যবস্থাপনার সমস্যা দেখা দিয়েছিল। তবে দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং বর্তমানে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গেই দর্শনার্থীরা পরিদর্শন করছেন।
শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘরমুখী করা এবং তাদের কাছে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে সরাসরি প্রত্যক্ষ ধারণা তৈরির লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ বলে জানান তিনি।
.png)


