logo

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু
ছবি: সংগৃহীত

কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কন্ট্রোল রুম চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কন্ট্রোল রুমের নম্বরটি হলো ০১৬১৭৩৩৮০৬৭।

রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় মন্ত্রণালয়ের ফেসবুকে পেজে বিষয়টি জানানো হয়।

কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে যেকোনো তথ্য, পরামর্শ ও সেবা এই নম্বরে ফোন করে জানা যাবে।

এর আগে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

এ ছাড়া খাসির চামড়ার প্রতি বর্গফুট লবণযুক্ত ২৫ থেকে ৩০ টাকা এবং বকরি ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ঢাকা এবং ঢাকার বাইরে কার্যকর হবে।

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চামড়া সংরক্ষণের জন্য এবারও বিনামূল্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ দেবে সরকার। প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদ–মাদ্রাসায় চামড়া সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়, সেবিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।