Advertisement

হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত পাঠাতে দিল্লিকে বাংলাদেশের আহ্বান

এশিয়া পোস্ট প্রতিবেদক
হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত পাঠাতে দিল্লিকে বাংলাদেশের আহ্বান
সচিবালয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানানো হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত প্রত্যর্পণের অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বিমসটেক চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে দাওয়াত দিয়েছে ভারত। তবে দেশটিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেন। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না দিল্লি।

তিনি বলেন, গণতান্ত্রিক দুই প্রতিবেশীর মধ্যে নানা বিষয়ে আলোচনা থাকতে পারে, তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তার সবই সমাধানযোগ্য।

উল্লেখ্য, গত ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের দিনই তিনি ঢাকার যমুনা ফিউচার পার্কের ভিসা কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছিলেন।

এরপর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। গতকাল রোববার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিতীয়বারের মতো দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করেন এই ভারতীয় কূটনীতিক। আজকের বৈঠকের মাধ্যমে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।