logo
এশিয়া পোস্টের উদ্বোধন

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর
এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: এশিয়া পোস্ট

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ‘কার্যকরী স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠনের জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১১ মে) সন্ধ্যায় অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা জানান। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বর্তমান সময়কে একটি রূপান্তরের কাল হিসেবে অভিহিত করে বলেন, নতুন প্রজন্ম এই গতির সঙ্গে তাল মেলাতে পারলেও পুরোনো প্রজন্মের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। অবাধ তথ্য প্রবাহের এই যুগে একদিকে যেমন আশীর্বাদ রয়েছে, অন্যদিকে অপতথ্য এবং ভুয়া তথ্য প্রচারের ঝুঁকিও অনেক বেড়েছে। ডিজিটাল ভিউয়ার্সদের এই অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়াকে তিনি এই সময়ের সবচাইতে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আগেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে। এটি উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত হবে না, বরং সবার অংশগ্রহণের মাধ্যমেই এই কমিশন গঠিত হবে যা মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে তৈরি হওয়া নতুন সংকট মোকাবিলায় এশিয়া পোস্টসহ সকল মিডিয়ার সহযোগিতা কামনা করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট সকলের সৃষ্টিশীল ধারণা ও পরামর্শ সরকারকে দেওয়ার আহ্বান জানান এবং সেগুলোকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সংযুক্ত করার আশ্বাস দেন।