বাজেটে বিড়ির দাম নিয়ে অর্থমন্ত্রীর বার্তা

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরে বিড়ির দাম বাড়ছে না।
মঙ্গলবার (৯ জুন) সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩-এর এমপি রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্ন রেখে রাশেদা বেগম হীরা বলেছিলেন, তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি যেমন বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য আরও বাড়িয়ে অধিক সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করবেন কি না?
জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ির ক্ষেত্রে মূল্য এবং করহার আগের বছরের মতো অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাজেটে এমন সিদ্ধান্তের ফলে বিড়ির খুচরা মূল্যে নতুন কোনো বৃদ্ধি আসছে না। একই সঙ্গে বিড়ির ওপর বিদ্যমান কর ও সারচার্জ কাঠামোও অপরিবর্তিত থাকবে।
বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার এ ঘোষণার মাধ্যমে তামাকজাত পণ্যের এই খাতে বিদ্যমান করনীতি অব্যাহত রাখার ইঙ্গিত পাওয়া গেছে।
জাতীয় সংসদে অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহল ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
