নতুন গভর্নর মোস্তাকুরের নিয়োগ বাতিল চায় টিআইবি

সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানকে সরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবি জানায়, এই নিয়োগ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। একজন ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তিকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের প্রতি আহ্বান, মোস্তাকুরের নিয়োগ বাতিল করে যোগ্য, বিতর্কিত নন—এমন দক্ষ একজনকে নিয়োগ দেবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৈশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, দেশে নতুন সরকার এসেছে। তারা কিছু নতুন উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে এখনই মন্তব্য নয়।
এ সময় তিনি দুদক চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে জানান, জুলাই সনদে দুদক গঠন ও কার্যাবলি নির্ধারণ করা আছে। সরকারি দল নিরপেক্ষ ব্যক্তিকে দুদকের চেয়ারম্যানসহ অন্য পদে নিয়োগ দেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিনিউকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও পরিচালক (গবেষণা) মো. বদিউজ্জামান প্রমুখ।