বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ সুবিধা দেবে সরকার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে যুগান্তকারী পদক্ষেপ ঘোষণা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া দক্ষ শিক্ষার্থীদের ঋণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিকল্পনার কথা জানান।
বাজেট বক্তৃতায় তিনি জানান, এখন থেকে দেশের শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের বহুমুখী ভাষাগত দক্ষতা অর্জন অপরিহার্য। এই লক্ষ্যে জাপানিজ, কোরিয়ান, মান্দারিন, আরবি, ফ্রেঞ্চ এবং জার্মান ভাষার মতো গুরুত্বপূর্ণ ভাষাগুলোকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবে বলে সরকার আশা করছে।
বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ ঋণ কেবল ভাষা শিক্ষাই নয়, এই ভাষাগুলোতে দক্ষ শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথ সুগম করতে সরকার বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। অর্থমন্ত্রী জানান, তৃতীয় ভাষায় দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে যারা সংশ্লিষ্ট দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক, তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ সুবিধা প্রদান করা হবে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো- শিক্ষার্থীদের কেবল দেশের বাজারের জন্য নয়, বরং বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলা।
বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে অর্থমন্ত্রী বলেন, বাস্তবমুখী ও দক্ষতা-নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই তরুণ প্রজন্মকে যোগ্য সম্পদে রূপান্তর করা সম্ভব।