logo
Advertisement

এশিয়া পোস্টে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্টে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

‘জিপিএসের নামে বিআরটিএর নতুন ডিজিটাল ফাঁদ, তথ্য যাচ্ছে বিদেশি সার্ভারে’ শিরোনামে গত ২০ আগস্ট এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ডুপনো ইন্টারন্যাশনাল লিমিটেড।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক বরাবর প্রতিষ্ঠানটি এক প্রতিবাদলিপি পাঠায়।

প্রতিবাদলিপিতে বলা হয়, সম্প্রতি আপনাদের পত্রিকায় ডুপনো ইন্টারন্যাশনাল লিমিটেডের সার্ভার লোকেশন নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে কেবল কয়েকটি পাবলিক আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে দাবি করা হয়েছে যে, আমাদের সার্ভার ও গ্রাহক ডেটা সিঙ্গাপুর ও জার্মানিভিত্তিক।

প্রকৃতপক্ষে, বাংলাদেশে ডুপনো ইন্টারন্যাশনালের ভিটিএস ও জিপিএস ট্র্যাকিং সেবার মূল ডেটাবেজ ও অবকাঠামো দেশীয় ডেটা সেন্টারেই নিবন্ধিত ও সংরক্ষিত। বিআরটিএ ও বিটিআরসির নীতিমালা মেনেই এ দেশীয় অবকাঠামো পরিচালিত হয়। আধুনিক নেটওয়ার্ক সিস্টেমে সিকিউরিটি (যেমন Cloudflare), রাউটিং ও থার্ড-পার্টি ম্যাপিং এপিআই (যেমন Google Maps) ব্যবহারের কারণে বহিঃস্থ আইপি দৃশ্যমান হতে পারে; কিন্তু এর মানে এই নয় যে মূল গ্রাহক ডেটা বিদেশে সংরক্ষিত। আইপি জিওলোকেশনের ওপর ভিত্তি করে মূল ডেটাবেজের অবস্থান নির্ধারণ কারিগরিভাবে সঠিক নয়। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ কারিগরি ব্যাখ্যা প্রদান করেছি। ৯০টিরও বেশি দেশে ডুপনো বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে এবং গ্রাহকের ডেটা সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিবেদকের বক্তব্য

প্রতিবেদনটি কোনো অনুমান বা বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে করা হয়নি; বরং বস্তুনিষ্ঠ প্রমাণ ও অনুসন্ধানের মাধ্যমেই প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হোস্টিং প্রোফাইল বিশ্লেষণ করে স্পষ্টভাবে জার্মানি ও সিঙ্গাপুরে অবস্থিত আইপি অ্যাড্রেস ও লোকেশন পাওয়া গেছে, যা দেশের শীর্ষস্থানীয় স্বাধীন প্রযুক্তি বিশেষজ্ঞদের মাধ্যমে গভীরভাবে যাচাই-বাছাই করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, সার্ভার বিদেশে রাখা এবং ডেটা রেসিডেন্সি সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিষয়ে ডুপনো ইন্টারন্যাশনালকে ইতোমধ্যেই সতর্কবার্তা প্রদান করা হয়েছে। জনস্বার্থ ও গ্রাহক ডেটার নিরাপত্তার স্বার্থেই সব প্রমাণ যাচাই সাপেক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে খবরটি প্রকাশ করা হয়েছে।