logo

ছয় জেলায় সারের ডিলারদের সবাই বিএনপি সংশ্লিষ্ট

ছয় জেলায় সারের ডিলারদের সবাই বিএনপি সংশ্লিষ্ট
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

দেশের ছয়টি জেলায় নিয়োগ পাওয়া সারের ডিলারদের সবাই বিএনপিসংশ্লিষ্ট। জেলাগুলো হচ্ছে লক্ষ্মীপুর, চাঁদপুর, বান্দরবান, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়া। সারা দেশে সারের ডিলার নিয়োগের পরিসংখ্যান নিয়ে এশিয়া পোস্টের বিশ্লেষণে উঠে এসেছে এমন চিত্র।

এই ছয় জেলায় মোট ১৮৭ জন ডিলারের সবাই বিএনপির। এর মধ্যে লক্ষ্মীপুরে ৫৭, নওগাঁয় ৪১, সিরাজগঞ্জে ৩১, চাঁদপুরে ২৪, বান্দরবানে ২১ এবং বগুড়ায় ১৩ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সবাই বিএনপিসংশ্লিষ্ট।

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা (মেসার্স গাজী এন্টারপ্রাইজ) ও জ্যেষ্ঠ সহসভাপতি আমির হোসেন ছুটু (মেসার্স বামনী ট্রেডার্স) সারের ডিলারশিপ পেয়েছেন। পরিবেশক হয়েছেন রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশ (মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজ), রায়পুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান (মেসার্স কেরোয়া ট্রেডার্স)। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়াও (মেসার্স চর আবাবিল ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন।

চাঁদপুরের ফতেপুর পশ্চিম ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। সাদুল্লাপুর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আল মামুন। বাগানবাড়ি ইউনিয়নে পরিবেশক হয়েছেন উপজেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া। ষাটনল ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন প্রধান।

এখলাসপুর ইউনিয়নে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু, দুর্গাপুর ইউনিয়নে ছাত্রদলের সদস্য নাহিদুল ইসলাম, কলাকান্দা ইউনিয়নে ছাত্রদলের সদস্য মিজানুর রহমান সারের পরিবেশক হিসেবে নিয়োগ পেয়েছেন।

ইসলামাবাদ ইউনিয়নে ইউপি যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন জয়, জহিরাবাদ ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিন প্রধান এবং সুলতানাবাদ ইউনিয়নে ইউপি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন নিয়োগ পেয়েছেন।

মোহনপুর ইউনিয়নে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত মো. সোহেল রানা, ফতেপুর পূর্ব ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা মো. রিদয়, গজরা ইউনিয়নে বিএনপি সমর্থক কীটনাশক ব্যবসায়ী মনির হোসেন ডিলার হয়েছেন। ফরাজীকান্দী ইউনিয়নে ইউপি বিএনপির সাধারণ সম্পাদক গনি তপাদারের জামাতা ও ফ্যামিলি কার্ডের ফিল্ড সুপারভাইজার মো. সালাউদ্দিন খান এবং ছেংগারচর পৌরসভায় বিএনপি সমর্থক হিসেবে পরিচিত ইমরান হোসেন ডিলারশিপ পেয়েছেন।

বান্দরবানের লামা পৌরসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেনের ভাইয়ের স্ত্রী নুরুন্নাহার (মেসার্স নিখাত এন্টারপ্রাইজ), বান্দরবান সদরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল রহমানের ভাই মো. মিজানুর রহমান (মেসার্স জবেয়া কনস্ট্রাকশন) পরিবেশক হয়েছেন।

আলীকদমে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল ইসলাম (মেসার্স মবাইমুনা এন্টারপ্রাইজ) এবং নাইক্ষ্যংছড়িতে উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. শাহ জালাল (মেসার্স জিসাহ সাগর এন্টারপ্রাইজ) ডিলার হয়েছেন।

নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন (মা ট্রেডার্স), রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল (সানি ট্রেডার্স) ডিলারশিপ পেয়েছেন। মান্দায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বিদ্যুৎ ট্রেডার্স) এবং পত্নীতলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ডিলার হয়েছেন।

বগুড়ার শিবগঞ্জে যুবদল নেতা রাসেল আহমেদ সবুজের স্ত্রী রূপালী আক্তার (ফারাবি ফায়াজ ট্রেডার্স), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হুদা (আকন্দ ট্রেডার্স) এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের চাচাতো ভাই মো. ইয়াসিন আরাফাত ডিলারশিপ পেয়েছেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান আলী (রায়হান ট্রেডার্স), উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের ভাই ও মৎস্যজীবী দল নেতা আলাল হোসেন জিন্নাহ (জান্নাত ট্রেডার্স) পরিবেশক হয়েছেন। তাড়াশে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ছেলে খন্দকার শাফি জাহাঙ্গীর এবং রায়গঞ্জে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এ জেডএম ওবায়দুল্লাহ খান প্যারিস ডিলার হয়েছেন।