logo

নির্বাচন আয়োজনে নতুন মানদণ্ড স্থাপন করতে চাই : প্রধান উপদেষ্টা

নির্বাচন আয়োজনে নতুন মানদণ্ড স্থাপন করতে চাই : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২৯ ডিসেম্বর) রাতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বাসযোগ্য ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করাই আমাদের সব প্রচেষ্টার লক্ষ্য। প্রথমবার ভোট দেওয়া ও নতুন ভোটারদের জন্য আমরা নির্বাচন প্রক্রিয়াকে আনন্দময় ও অন্তর্ভুক্তিমূলক করতে চাই।

এ সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান সমাধান হতে পারে না। অন্তর্বর্তী সরকার গত এক বছরে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে একাধিক উচ্চপর্যায়ের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রমজান মাসে জাতিসংঘ মহাসচিবের শিবির পরিদর্শন উল্লেখযোগ্য। তবু সংকটটি এখনো যথাযথ মনোযোগ পাচ্ছে না।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গাদের অবস্থান এরই মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে উদ্যোগ নেওয়া জরুরি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান।

তিনি বলেন, মিয়ানমার থেকেই সমস্যার শুরু, সেখান থেকেই এর সমাধান আসার কথা। রোহিঙ্গা শিবিরে এক হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্ম বেড়ে উঠছে। যাদের প্রযুক্তিতে প্রবেশাধিকার রয়েছে। এটি কারও জন্যই ভালো খবর নয়।

প্রধান উপদেষ্টা বলেন, ভাসানচর থেকে অনেক শরণার্থী আশ্রয়কেন্দ্র ছেড়ে মূল ভূখণ্ডে মিশে গেছে, যা দেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

এ সময় ইভো ফ্রেইজেন বলেন, ইউএনএইচসিআর প্রধান বারহাম সালিহ শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারেন এবং রোহিঙ্গা শিবির পরিদর্শনের সম্ভাবনা রয়েছে।