প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। বৈঠকে শ্রমমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, শ্রম সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইএলও মহাপরিচালক দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও শক্তিশালী হয়েছে। এ প্রেক্ষাপটে আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সম্প্রসারণে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
জবাবে প্রধানমন্ত্রী আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বৈঠকে আইএলও মহাপরিচালক বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।
এ সময় শ্রমিকদের সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকার ও আইএলওর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আইএলও মহাপরিচালকও বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও সদর দপ্তরের মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে উপস্থিত ছিলেন।
.png)






