সৌদিতে ইয়াবা চোরাচালান করতে গিয়ে বিমানবন্দরে ধরা

সৌদি আরবে ইয়াবা চোরাচালান করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদুল ইসলাম নামের এক যাত্রী ধরা পড়েছেন। বিমানবন্দরের সি-২ বোর্ডিং ব্রিজে নিরাপত্তা তল্লাশিকালে সোমবার (৯ মার্চ) তাকে আটক করে কর্তব্যরত আনসার সদস্যরা। তার কাছ থেকে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক যাত্রী ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি বিমানে করে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।
এ বিষয়ে আনসার সদর দপ্তরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান সন্ধ্যায় এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের তৎপরতায় সৌদি আরবগামী সাইদুল ইসলাম নামের এক যাত্রীকে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশিকউজ্জামান এশিয়া পোস্টকে বলেন, আটক হওয়া সাইদুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৮১ ফ্লাইটে সৌদি আরবে যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। হেভি লাগেজ গেইট–৪ দিয়ে প্রবেশের পর তিনি নির্ধারিত কাউন্টারের রো ‘সি’-তে চেক-ইন সম্পন্ন করেন। পরবর্তীতে বোর্ডিং ব্রিজ নং ‘সি’-২ এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির জন্য উপস্থিত হন। এক পর্যায়ে স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহি শামীম রেজা ব্যাগটি সন্দেহজনক মনে করলে সিভিল সিকিউরিটি সদস্য হিজবুল বাহারকে র্যান্ডম তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু পাওয়া যায়।
পরবর্তীতে আনসার সদস্য শামীম রেজা এবং সিকিউরিটি সুপারভাইজার মোর্শেদা বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে এভসেক কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ট্যাবলেটগুলো গণনা করে মোট ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা পান।
পরে এয়ারলাইন্স কর্তৃপক্ষ উক্ত যাত্রীকে ফ্লাইট থেকে অফলোড করে এবং এভসেক কর্তৃপক্ষ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে বলেও জানান আশিকউজ্জামান।