নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত বড় কোনো নিরাপত্তার থ্রেট (হুমকি) নেই। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ধরনের বেআইনি আদেশ মানা যাবে না।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্বপালন করতে হবে। কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না। এমনকি দায়িত্ব পালনকালে তাদের কোনো প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করা যাবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটকেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলার সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক আইনশৃঙ্খলা বাহিনীকে তা শক্ত হাতে দমন করতে হবে।
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবাই মিলে একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিতে চাই, যেটি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে।
এ সময় জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
ওই সেলে জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (Whats app) ও ০১৫৫০-০৬৪২২৭।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যে কোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।