ইউরোপে পাঠানোর কথা বলে শ্রীলঙ্কায় নিয়ে বাংলাদেশিদের ফেলে রাখার অভিযোগ

ইউরোপের বিভিন্ন দেশ, সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া ও ফিজিতে ভালো বেতনের চাকরির আশ্বাস দিয়ে বাংলাদেশি কর্মীদের শ্রীলঙ্কায় নেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে নেওয়ার পর তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়েছে। পর্যাপ্ত খাবার, নিরাপদ আবাসন ও অর্থসংকটে অনেক কর্মী মানবেতর দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে দেশে ফিরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীরা।
কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবপাচার ও মানব চোরাচালানের শিকার ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসনে কাজ করা প্রতিষ্ঠান অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন।
সংগঠনটির দেওয়া তথ্য বলছে, কিছু অসাধু দালাল, ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সি ইউরোপসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে কর্মীদের শ্রীলঙ্কায় পাঠাচ্ছে। তাদের আশ্বাস দেওয়া হচ্ছে, শ্রীলঙ্কা থেকে পরবর্তী সময়ে নির্ধারিত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে সেখানে পৌঁছানোর পর অনেক কর্মীকে অনিশ্চয়তার মধ্যে রেখে দালাল ও এজেন্সির প্রতিনিধিরা বাংলাদেশে ফিরে আসছেন বলে অভিযোগ উঠেছে।
এ ধরনের পরিস্থিতিতে পড়ে কিছু কর্মী নিজেদের উদ্যোগ ও অর্থে দেশে ফিরতে পারলেও এখনো বহু বাংলাদেশি শ্রীলঙ্কার কলম্বোর রণমাল রোড, কাটুনায়েক এবং কলম্বো-১৩ এলাকায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে সংগঠনটি। তাদের অনেকের হাতে খাবার ও আবাসনের খরচ চালানোর মতো অর্থ নেই। অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটছে তাদের। পরিবারের সদস্যরাও তাদের নিরাপত্তা ও দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
সংগঠনটির আশঙ্কা, এভাবে চাকরির প্রলোভন দেখিয়ে কর্মীদের অন্য দেশে নিয়ে গিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার ঘটনা প্রতারণামূলক অভিবাসন ও সম্ভাব্য মানবপাচারের ঝুঁকি তৈরি করছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এসব কর্মী আরও বড় ধরনের শোষণ ও মানবিক সংকটের মুখে পড়তে পারেন।
এ পরিস্থিতিতে ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর জরুরি স্মারকলিপি দিয়েছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। সংগঠনটির সভাপতি আল-আমিন নয়ন স্বাক্ষরিত স্মারকলিপিতে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা ও অবস্থান দ্রুত শনাক্ত করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, শ্রীলঙ্কা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং দেশে ফেরা পর্যন্ত তাদের খাবার, নিরাপদ আবাসন, চিকিৎসা ও জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে যেসব দালাল, মধ্যস্বত্বভোগী, ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীরা বিদেশে গেছেন, তাদের ভূমিকা তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি। প্রতারণা বা মানবপাচারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং এজেন্সিগুলোর লাইসেন্স ও নিয়োগ কার্যক্রম যাচাই করারও দাবি জানানো হয়েছে।
অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি আল-আমিন নয়ন বলেন, ভালো কাজের আশায় মানুষ ঋণ করে, জমিজমা বিক্রি করে বিদেশে পাড়ি জমান। কিন্তু কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে অন্য দেশে নিয়ে গিয়ে তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার দায় সংশ্লিষ্ট এজেন্সিগুলো এড়াতে পারে না।
তিনি বলেন, শ্রীলঙ্কায় অবস্থানরত কর্মীদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা, মানবিক সহায়তা ও দেশে ফেরার নিশ্চয়তা। এ পরিস্থিতিতে সরকারকে দ্রুত তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।


