গোপালগঞ্জে নতুন অতিরিক্ত পুলিশ সুপার

গোপালগঞ্জ জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মো. হেলাল উদ্দিন ভূঁইয়া। তিনি বর্তমানে খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে গোপালগঞ্জে বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ বদলির আদেশ কার্যকর থাকবে। একই সঙ্গে তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এদিকে একই দিনে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।


