বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) তিনি জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে ঢাকা থেকে বের হয়েছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ।
এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





