ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জিগাতলায় যৌথ পরিচ্ছন্নতা অভিযান

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জিগাতলায় যৌথ পরিচ্ছন্নতা অভিযান
ছবি : এশিয়া পোস্ট

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জিগাতলা স্টাফ কোয়ার্টারে যৌথ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে গণপূর্ত অধিদপ্তর ও কোয়ার্টারের বাসিন্দারা। এ সময় পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, মাইকিং এবং ডাস্টবিন বিতরণের মতো বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়।

Advertisement

দেশজুড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিভিন্ন সময়ে বলেছেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রীর এই আহ্বানের ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জিগাতলা, সোবহানবাগ ও কলাবাগানসহ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি স্টাফ কোয়ার্টার পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি কোয়ার্টারের বাসিন্দা ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবাইকে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রতি সপ্তাহে অন্তত একদিন বাসিন্দাদের স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। তিনি জানান, এ ধরনের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

এই কর্মসূচির অংশ হিসেবে জিগাতলা স্টাফ কোয়ার্টারে কোয়ার্টার কমিটি এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় মাঠে খেলতে থাকা শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোয়ার্টারের বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধবিষয়ক তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে কোয়ার্টারের প্রধান ফটকে প্রয়োজনীয় নির্দেশনাসহ সাইনবোর্ড স্থাপন এবং মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হয়।

এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সহজ ও নিয়মিত করতে কোয়ার্টার কমিটির কাছে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন হস্তান্তর করেছে গণপূর্ত অধিদপ্তর।