logo

প্রধানমন্ত্রী আজ বগুড়া যাবেন

প্রধানমন্ত্রী আজ বগুড়া যাবেন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ (সোমবার) নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। একইসঙ্গে দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তার।

দিনব্যাপী এই সফরে বিএনপির চেয়ারম্যান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও জনসভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তার। 

এরপর সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন। এরপর দুপুর দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। বিকেল সাড়ে ৩টায় বগুড়া সার্কিট হাউসে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে চারটায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আশা করা যাচ্ছে।