logo

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত দুই বছর বাঁচাতে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত দুই বছর বাঁচাতে কাজ চলছে: শিক্ষামন্ত্রী
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ও পলিসি মেকারদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত দুই বছর ঝরে না পড়ে, এ জন্য আমরা আস্তে আস্তে সিনক্রোনাইজ করছি।’

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) নিজস্ব ক্যাম্পাসে আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব। আরেকটি টার্গেট হলো একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বিগত সময়ে শিক্ষায় যে অব্যবস্থা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য ড. হোসাইন আরাবি নুর প্রমুখ।

এর আগে শিক্ষামন্ত্রী আইইউটি শিক্ষার্থীদের তৈরি করা গাড়ি ও অনন্য যন্ত্র ঘুরে ঘুরে দেখেন। এরপর বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন। এ ছাড়া একাডেমিক উৎকর্ষতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়া হয়।