logo

উপদেষ্টাদের সম্পদের তথ্য শিগগিরই জানা যাবে : প্রেস সচিব

উপদেষ্টাদের সম্পদের তথ্য শিগগিরই জানা যাবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দু-একজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব দিয়েছেন। তাদের সম্পদের তথ্য শিগগিরই জানা যাবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ভোট অনুষ্ঠান নিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচনে কেমন ভোট পড়বে, সেটা বলতে পারছি না। তবে সুষ্ঠু, উৎসবমুখর হবে নির্বাচন।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ নভেম্বর থেকে চেষ্টা করেছে বিশৃঙ্খলা তৈরি করার। তারা এখন কেবল অনলাইনে আছে। মিছিলেও দেখি না।

গণমাধ্যম প্রসঙ্গে প্রেস সচিব দাবি করে বলেন, গণমাধ্যম পুরো ১৮ মাস নিয়ন্ত্রণমুক্ত ছিল। যেকোনো নিউজ করতে পেরেছে। কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয়, সেগুলো দেখেছি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া গণমাধ্যম চালু করা হয়েছে। অনেক সংস্কার হয়েছে গণমাধ্যমের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক আসার কথা উল্লেখ করেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ ২১১ জনের মতো পর্যবেক্ষক আসছেন।

এ সময় যে কাউকে ধরে এনে সার্টিফিকেট নেওয়া অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল না বলে মন্তব্য করেন আবুল কালাম আজাদ মজুমদার।