নির্বাচনে পুলিশ সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
পুলিশ কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্তঃইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে পুলিশের প্রত্যাশা।
অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদবির মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষতা ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।