গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে যোগ দেন ঢামেকের সাবেক শিক্ষার্থী ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী স্ত্রীকে পাশে বসিয়ে গুলশানের বাসা থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢামেক ক্যাম্পাসে উপস্থিত হন।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢামেক প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার স্ত্রী।
প্রধানমন্ত্রী ও ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন বর্তমান শিক্ষার্থীরা। তাদের ঘিরে শুরু হয় সেলফি তোলার আনন্দ-আয়োজন। প্রধানমন্ত্রী নিজে সেলফি তুলে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
এ দিন ঢামেকের ডিএমসি-ডে ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে দুটি গাছ লাগান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢামেক অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম থেকে অধিক সংখ্যক রোগীকে চিকিৎসার জন্য যেন ঢাকায় আসতে না হয়, সেজন্য সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।
একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।




