logo

মাদকের আড্ডা উচ্ছেদ করে খেলার মাঠ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মাদকের আড্ডা উচ্ছেদ করে খেলার মাঠ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় উচ্ছেদ করা অবৈধ জায়গায় আগামী এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফরিদাবাদ-সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আবদুস সালাম বলেন, “দীর্ঘ ৪৮-৫০ বছর ধরে সরকারি জায়গাটি দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল, যা এলাকার চিহ্নিত মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর এ দীর্ঘদিনের ‘বিষফোড়া’ থেকে এলাকাটি মুক্ত হয়েছে। এখন সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ এবং সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণ করা হবে। জায়গা পর্যাপ্ত থাকলে একটি কমিউনিটি সেন্টার নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।”

তিনি জানান, আগামী এক মাস পরই তিনি নতুন নির্মিত এ খেলার মাঠের উদ্বোধন করবেন। সফল এই উচ্ছেদ অভিযানে সহযোগিতার জন্য তিনি ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

​মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘লিশ ও প্রশাসনকে সব কাজে সহযোগিতা করতে হবে। প্রশাসন ভালো চাইলে এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে,অনেক অসম্ভব কাজও সম্ভব।’

পাশাপাশি তিনি এলাকার সার্বিক উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন।

​উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে ৪৭ নম্বর ওয়ার্ডে ১১ কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, এ ওয়ার্ডেই মোট ১৫ কোটি টাকার উন্নয়নকাজ চলছে।

​পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক উচ্ছেদকৃত স্থানে নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং বাংলাদেশ ব্যাংক কলোনিতে লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং কোথাও ৩ দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।