logo

বিদেশে যাওয়ার আগে অবশ্যই বিএমইটি নিবন্ধন জরুরি: বাণিজ্যমন্ত্রী

বিদেশে যাওয়ার আগে অবশ্যই বিএমইটি নিবন্ধন জরুরি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করা জরুরি। এতে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।  

পরবর্তীতে বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী লাশ গ্রহণ করে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় স্বজনদের আহাজারি বিমানবন্দরে শোকের ছায়া নেমে আসে। মরদেহ হস্তান্তরকালে প্রবাসগামী কর্মীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মন্ত্রী বলেন, গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ দেশে আনা এবং দাফন কার্যক্রম সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বলেন, প্রয়োজনীয় ওয়ারিশ সনদ প্রাপ্তিসাপেক্ষে নিহতের পরিবারকে অতিরিক্ত তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া প্রবাসে কোনো বাংলাদেশি দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে দ্রুত সহায়তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় তিনি প্রবাসে কর্মরত সব বাংলাদেশির নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ কামনা করেন এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার শান্তি কামনা করেন।

জানা গেছে, বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের বাড়ি সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া গ্রামে। জীবিকার তাগিদে তিনি কিছুদিন আগে বাহরাইনে যান। সেখানে কর্মরত অবস্থায় তিনি মারা যান। 

স্বজনরা জানিয়েছেন, গিরিশ চন্দ্র ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। সরকারের সহযোগিতা পেলে তারা উপকৃত হবেন।