এক মাসে দাবি নিষ্পত্তির আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বুধবার সকাল থেকে ডাকা সারা দেশের বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আগামী এক মাসের মধ্যে সমিতির যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা করে নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে রাজধানীর ন্যাম ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশ এবং পরিবহন মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিমুল বিশ্বাস বলেন, অ্যাম্বুলেন্স মালিকদের পাঁচ দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও সমিতির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে মালিক সমিতি বুধবার ভোর থেকে ডাকা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হয়েছে।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে অ্যাম্বুলেন্স মালিকদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোলমুক্ত সুবিধা কার্যকর, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের টোল মওকুফ এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফয়সাল বলেন, দীর্ঘ ৯ থেকে ১০ বছর ধরে তারা এসব দাবি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিআরটিএ ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন। এর আগেও মানববন্ধন ও ধর্মঘটের কর্মসূচি দেওয়া হলেও প্রতিশ্রুতির পর তা প্রত্যাহার করা হয়েছিল।
তিনি বলেন, ‘বৈঠকে আমাদের একটি সম্মানজনক পরিবেশে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ৩০ দিনের মধ্যে যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। জনদুর্ভোগ এড়াতে সেই আশ্বাসের ভিত্তিতে আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
সমিতির অধীন অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কেউ যেন অ্যাম্বুলেন্স বন্ধ না রাখেন। কোনো রোগী বা সাধারণ মানুষ যেন সেবা না পেয়ে কষ্ট না পান।’
তবে আগের মতো আশ্বাস দিয়ে বিষয়টি ঝুলিয়ে না রাখার অনুরোধ জানিয়ে গোলাম মোস্তফা ফয়সাল বলেন, ‘আমাদের আর ঘোরাবেন না। এক মাসের মধ্যে ন্যায্য দাবিগুলোর সুরাহা করবেন বলে আশা করছি।’
এর আগে পাঁচ দফা দাবি আদায়ে বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
.png)






