logo

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং পুরোপুরি বন্ধ হবে না : ইসি সচিব

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং পুরোপুরি বন্ধ হবে না : ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং পুরোপুরি বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তিনি।

ইসি সচিব বলেন, ভোটের সময় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ট্রানজেকশন (লেনদেন) সীমিত থাকবে। তবে একেবারে বন্ধ হবে না।

এদিকে নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত অন্তত ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

আখতার আহমেদ বলেন, এবার ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে। পোস্টাল ব্যালটে বেশি সময় লাগবে। 

নির্বাচনি প্রচারণার আড়ালে ভোটারদের এনআইডি সংগ্রহ বা হস্তান্তরের ঘটনা কমিশনের নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, সব প্রার্থী এবং দলকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। এ ছাড়া প্রমাণসহ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিতে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে সচিব জানান, যারা নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন কিন্তু দীর্ঘসূত্রতার কারণে আটকে আছেন, তাদের ক্ষেত্রে কমিশন কিছুটা নমনীয় হতে পারে। তবে আরপিও অনুযায়ী যেকোনো সময় অযোগ্যতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আখতার আহমেদ জানান, বর্তমানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৯১ জন। এর মধ্যে স্বতন্ত্র ২৪৯ জন এবং নারী প্রার্থী রয়েছেন ৭৬ জন। ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী লড়ছেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ হাজার বিএনসিসি সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।