পদ্মায় বাসডুবির ঘটনা তদন্তে দুই কমিটির ১০ সদস্য

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে বাসডুবির ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়, অন্যটি রাজবাড়ী জেলা প্রশাসন।
জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামকে। তার নেতৃত্বে ৫ সদস্যের দল ঘটনা তদন্ত করবে। তদন্ত শেষে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
কমিটির অন্য সদস্যরা হলেন—রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে তলিয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১১ নারী, ৮ শিশু ও ৭ পুরুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।