কলকাতায় চুরি হওয়া মোবাইল চট্টগ্রাম থেকে উদ্ধার

ভারতের কলকাতা থেকে চুরি হওয়া একটি স্যামসাং মোবাইল ফোন চট্টগ্রাম থেকে উদ্ধার এবং অনলাইন প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চক্রটির কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ১৫টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উত্তরায় এপিবিএনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) নুরুল ইসলাম।
তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জ থানায় জিডির (নম্বর ২৮০৬) ভিত্তিতে একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ মোবাইল ফোন চুরির অভিযোগ নথিভুক্ত হয়। ফোনটির মালিক সৌরভ মজুমদার (৩৩)। গত ১ আগস্ট ফোনটি চুরি হয়। পরে গত ৮ অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম থেকে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় এপিবিএন।
অতিরিক্ত ডিআইজি নুর ইসলাম বলেন, অন্যদিকে, চাকরির প্রলোভন দেখিয়ে ৮৮ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পাওয়া যায়।
পরবর্তীতে অনলাইন প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি মোবাইল ফোন ও ১৫টি সিমকার্ড উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধার করা আলামত যাচাই-বাছাই এবং আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে এপিবিএন।
এপিবিএন এর এই কর্মকর্তা বলেন, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও সাইবার সহায়তার ব্যবহার অব্যাহত রয়েছে।
অনলাইন লেনদেন ও অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাইবার অপরাধ বা প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শও দেন পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম।
