logo

দেশ গঠনে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশ গঠনে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে যাচ্ছেন, তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষ যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন ও সহযোগিতা করে, তবেই শহীদ রাষ্ট্রপতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে।

তিনি বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আসুন, আমরা আজকে সেই কাজটিই করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে সহযোগিতা করব। তাদের সাহায্য করব একজন নাগরিক হিসেবে।

তিনি বলেন, আজকে আর কথা বাড়াব না। কারণ, আমরা রাস্তার ওপরেই অনুষ্ঠানটি করছি, মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আরেক দিন সভা সমাবেশ করব। সেদিন আমরা বসে ভালো করে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব।