logo

কৃষিসচিবকে বাধ্যতামূলক অবসর, স্থানীয় সরকার সচিবকে ওএসডি

কৃষিসচিবকে বাধ্যতামূলক অবসর, স্থানীয় সরকার সচিবকে ওএসডি

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

ড. মোহাম্মদ এমদাদ উল্লাহর বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

বিধি অনুযায়ী ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

স্থানীয় সরকার সচিব ওএসডি

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

গত বছরের ৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে যোগদান করেন রেজাউল মাকছুদ জাহেদী। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ৩ সচিবকে ওএসডি এবং ৯ সচিবের চুক্তি বাতিল করা হয়।