অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হচ্ছে: ডিবি

রাজধানীতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটককৃতরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ অবসরপ্রাপ্ত এই দুই সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট এবং অন্যজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
গ্রেপ্তারের কারণ ও সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজুর প্রক্রিয়া অব্যাহত আছে। ডিবি বিষয়টি নিয়ে কাজ করছে। কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই আপনারা এই বিষয়ের অগ্রগতি জানতে পারবেন।
এ সময় এক সাংবাদিক জানতে চান, সন্ত্রাসবিরোধী আইনের কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। জবাবে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই। আমি তথ্য পেয়েছি যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
মামলা দায়েরের পর অভিযোগ ও সংশ্লিষ্ট ধারাসহ বিস্তারিত তথ্য জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু মামলা রুজুর প্রক্রিয়া চলছে, মামলা রুজু হয়ে গেলে তো স্পেসিফিক আমরা সবকিছুই জানতে পারব।’
