logo

পল্লবীতে শিশু ধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীকে এবি পার্টির চেয়ারম্যানের চিঠি

পল্লবীতে শিশু ধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীকে এবি পার্টির চেয়ারম্যানের চিঠি
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনমূলক চিঠি পাঠিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। চিঠিতে তিনি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সংহতি ও রাষ্ট্রের কঠোর অবস্থানের ঘোষণা প্রদানে অনুরোধ জানান।

বৃহস্পতিবার (২১ মে) ডাকযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এই চিঠি প্রেরণ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চিঠিটি প্রকাশ করেন তিনি।

চিঠিতে মজিবুর রহমান মঞ্জু বলেন, মিরপুরের পল্লবীতে শিশু রামিসার রোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের হৃদয়ের বিদীর্ণ অনুভূতি নিশ্চয়ই আপনাকেও চিন্তিত ও ব‍্যথিত করেছে। পুলিশের দৃঢ় তৎপরতায় দ্রুততর সময়ে পাষণ্ড খুনি গ্রেপ্তার হওয়ায় জনমনের ক্ষোভ কিছুটা লাঘব হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে একই ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে যা খুবই উদ্বেগ ও হতাশাজনক। এই সামাজিক-নৈতিক ও মানবিক বিপর্যয় সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্রের দুর্বলতা ও ব্যর্থতার প্রকাশ বলে আমরা মনে করি। এমতাবস্থায় এ ধরনের পাশবিক হিংস্র কার্যক্রমের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানের বার্তা দেওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রী বরাবর আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পাঠানো চিঠি।
প্রধানমন্ত্রী বরাবর আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পাঠানো চিঠি।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে চিঠিতে এবি পার্টির চেয়ারম্যান বলেন, আপনি বিরোধীদলসহ বিভিন্ন মত ও পথের লোকদের সঙ্গে নিয়ে সশরীরে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করুন।

সবশেষ চিঠিতে তিনি উল্লেখ করেন, এই প্রতীকী সম্মিলিত সংহতি একটি কঠিন বার্তা দেবে যে, এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা সবাই অর্থাৎ রাষ্ট্র ঐক্যবদ্ধ।