জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা সরকারের কাজ।
সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়াটা একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আপনারা বোধহয় জানেন যে, জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই যারা আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক দেশ, তারা সবাই আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়েছে। নিশ্চয়ই এ তথ্য আপনাদের সবার জানা আছে। দীর্ঘদিন অন্যরা দাম বাড়ালেও আমাদের সরকার কিন্তু দাম পুরোনো জায়গাতে ধরে রেখেছে, যদিও আমরা আমদানিনির্ভর একটি দেশ।
তিনি বলেন, আমাদেরকে জ্বালানি আমদানি করে চলতে হয়। আমাদের বিদ্যুৎমন্ত্রী, প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এ বিষয়ে জাতিকে অবহিত করেছেন, পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার ওপরে ভর করেই চলতে হবে। তো অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় এরইমধ্যে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওয়াহিদউদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে। যেই পরামর্শ কমিটির পরামর্শে সরকার চলছে।
