Advertisement

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক আভাস দিলেন মার্কিন দূত

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক আভাস দিলেন মার্কিন দূত
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সার্জিও গোর। ছবি : সংগৃহীত

তিন দিনের সফরে ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূূত সার্জিও গোর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সেখানে দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সার্জিও গোর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা দারুণ ছিল। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বৈঠক শেষে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে ভালো লেগেছে। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষের আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের রাজধানীতে পৌঁছাতে পেরে এবং মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মিলিত হতে পেরে তিনি আনন্দিত। আগামী দুই দিন বেশ ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা করছেন বলেও পোস্টে উল্লেখ করেন সার্জিও গোর।

ঝটিকা এই সফরে ব্যস্ত সময় পার করবেন মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা। সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও রাতেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও তার বৈঠকের সূচি নির্ধারিত আছে। এ ছাড়া সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন সাজিও গোর। সেখানকার সার্বিক পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করবেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার এটিই প্রথম ঢাকা সফর।