মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।
নাসিমুল গনি জানান, রাজধানীর পল্টন থেকে আগারগাঁও পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানাস্তর করা হবে। নতুন সচিবালয়ে ২০২৯ সাল থেকে অফিস করা যাবে। শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জায়গায় ১৪টি ১২ তলা বিশিষ্ট ভবন হবে।
তিনি বলেন, ‘সেখানে ৩২ লাখ স্কয়ার ফুটের মতো বিল্ডিং নির্মাণ হবে। ২০২৯ সালের মধ্যে সেখানে দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’
এর আগে গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

