logo

ড. খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

ড. খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানানো হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত।

সভায় মন্ত্রিসভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

একটি গোপন ব্যালট নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করে ঐতিহাসিক জয় লাভ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর পান ৯৯টি ভোট ও কাকোরিস পান ৯১টি ভোট। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কেউ ভোটদান থেকে বিরতও ছিলেন না।

এই জয় বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য। এটি বহুপক্ষীয় সহযোগিতা ও দেশের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থারই বহিঃপ্রকাশ।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর দুই সপ্তাহ পর বিশ্ব নেতারা বার্ষিক উচ্চপর্যায়ের আলোচনা সভায় অংশ নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হবেন।

আগামী সেপ্টেম্বর মাসে অধিবেশন শুরু হলে ড. খলিলুর ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন।