বিসিএসে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতির পরিকল্পনা করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থ নির্ভর সিলেবাসের পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৫তম দিনের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। এদিন সংসদে অধিবেশনের সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তনের জন্য বর্তমান কমিশন একটি কমিটি ঘটন করেছে, যা বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন করার আশা করছে।
তিনি বলেন, মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও কমিশন শিগগিরই যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার (সিবিআই) চালু করতে যাচ্ছে, যাতে প্রার্থীর জ্ঞান, দক্ষতা এবং মনোভাব (কেএসএ) মূল্যায়ন করা হবে।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় প্রকাশ করা হয়েছে এবং সে অনুযায়ী ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ও লিখিত পরীক্ষা শুরু হয়েছে।
এ সময় আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।