রাজনৈতিক বিবেচনায় শতভাগ ডিলার নিয়োগ ১৪ জেলায়

দেশের ১৪টি জেলায় শতভাগ ডিলারই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে ছয়টি জেলায় পরিবেশকদের সবাই বিএনপি নেতাকর্মী বা তাদের স্বজন। সারা দেশে ডিলার নিয়োগ নিয়ে এশিয়া পোস্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চিত্র।
শতভাগ দলীয় পরিচয়ে ডিলার নিয়োগ পাওয়া ১৪টি জেলার মধ্যে ছয়টিতে শতভাগ পরিবেশক বিএনপির। লক্ষ্মীপুরে ৫৭, নওগাঁয় ৪১, সিরাজগঞ্জে ৩১, চাঁদপুরে ২৪, বান্দরবানে ২১ ও বগুড়ায় ১৩ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সবাই বিএনপিসংশ্লিষ্ট।
এর বাইরে আরও আট জেলায় নিয়োগ পাওয়া ডিলারদের সবাই রাজনীতিসংশ্লিষ্ট। রংপুরে ৮১ পরিবেশকের মধ্যে ৮০ জন বিএনপির, একজন জামায়াতের। কুড়িগ্রামে ৫৯ জনের মধ্যে ৫৬ জন বিএনপি, তিনজন আওয়ামী লীগের। শেরপুরে ৫৬ জনের মধ্যে ৫৩ জন বিএনপি, তিনজন আওয়ামী লীগের।
ভোলায় ৫০ ডিলারের মধ্যে ৪৯ জন বিএনপির, একজন আওয়ামী লীগের। চুয়াডাঙ্গায় ৪৫ জনের মধ্যে ৪২ জন বিএনপি ও তিনজন আওয়ামী লীগের। গাজীপুরে ৪০ জনের মধ্যে ৩৮ জন বিএনপি, একজন আওয়ামী লীগ ও একজন জামায়াতের।
গাইবান্ধায় ৩২ জনের মধ্যে ৩০ জন বিএনপি, একজন আওয়ামী লীগ ও একজন জামায়াতের। নড়াইলে ১৭ ডিলারের মধ্যে ১৫ জন বিএনপি ও দুজন আওয়ামী লীগের।
