জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষামন্ত্রীর ক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বিদ্যমান বিশৃঙ্খলা, সেশন জট ও প্রশাসনিক সমন্বয়হীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পাঠ্যক্রমে কারিগরি প্রশিক্ষণ অন্তর্ভুক্তিসংক্রান্ত একটি জাতীয় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ।
শিক্ষামন্ত্রী বলেন, ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি ও পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি না থাকায় শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়ছে। কোথাও ফেব্রুয়ারি, কোথাও আগস্টে সেশন শুরু হওয়ায় শিক্ষাব্যবস্থায় অসংগতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকরা সেশন জট, পরীক্ষা বিলম্ব ও ফল প্রকাশে দেরির মতো সমস্যায় ভুগছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সঙ্গে উচ্চশিক্ষার সমন্বয়হীনতাও তুলে ধরেন তিনি।
শেষে শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

