logo
Advertisement

নতুন পে-স্কেলে যে সুবিধা পাবেন পেনশনাররা

এশিয়া পোস্ট ডেস্ক
নতুন পে-স্কেলে যে সুবিধা পাবেন পেনশনাররা
নবম পে-স্কেল। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

সরকারি চাকরিজীবীদের প্রতীক্ষিত নবম বেতনকাঠামো (পে-স্কেল) অনুমোদন দিয়েছে সরকার। নতুন এই কাঠামোয় কর্মরত ১৪ লাখ চাকরিজীবীর মূল বেতন শতভাগ বা তার চেয়েও বেশি বাড়ছে। তাদের সঙ্গে সুবিধা বাড়ছে ৯ লাখ পেনশনভোগীরও।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নবম পে-স্কেলে প্রথম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বাড়ছে। আর ১২ থেকে ২০তম গ্রেডের বেতন বাড়ছে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।

এর ফলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ২০ হাজার টাকায়। অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। বর্ধিত বেতনের আর্থিক সুবিধাগুলো চার ধাপে পর্যায়ক্রমে যুক্ত হবে।

নবম বেতনকাঠামো বাস্তবায়ন করতে সরকারের কোষাগার থেকে বছরে ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানানো হয়েছে।

কী সুবিধা আছে পেনশনারদের জন্য

নির্বাচনি ইশতেহার অনুযায়ী, সরকার ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা চালু করতে চায়। সামরিক ও বেসামরিক উভয় খাতের চাকরিজীবীদের জন্যই একই সঙ্গে এই ব্যবস্থা কার্যকর করা হবে। তবে এটি একবারে বাস্তবায়ন করতে সরকারের বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন।

এ ছাড়া ২০১৯ সালের আগে অবসর নেওয়া বেসামরিক কর্মচারীদের সম্পূর্ণ তথ্য-উপাত্তও সরকারের কাছে নেই। এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটি এখনই পুরোপুরি কার্যকর না করে ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্ল্যাব বা স্তরভিত্তিক পদ্ধতিতে পেনশনভোগীদের পেনশনের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কোন পেনশনভোগী কত বাড়তি পাবেন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম হলে পেনশন বাড়বে ১০০ শতাংশ। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তি নতুন হিসাবে ১৮ হাজার টাকা পাবেন।

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৭৫ শতাংশ।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের পেনশন বাড়বে ৬৫ শতাংশ।

৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বাড়বে ৬০ শতাংশ।

আর যাদের মাসিক নিট পেনশন ৪০ হাজার ১ টাকা বা তার বেশি, তাদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ হারে।

অর্থাৎ নতুন পে-স্কেলে তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা বেশি হারে সুবিধা পাবেন। সরকারের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো কম পেনশনভোগীদের জীবনযাত্রার ব্যয়ের চাপ কিছুটা কমানো এবং ভবিষ্যতে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া।