logo

ঈদের পরেই রামিসা হত্যা মামলার বিচার শুরু: আইনমন্ত্রী

ঈদের পরেই রামিসা হত্যা মামলার বিচার শুরু: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার বিচার ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) রাজধানীতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যার মামলায় ডিএনএ টেস্টের রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই মামলার চার্জশিট দেওয়া হবে। ঈদের পর শুরু হবে বিচার।

তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। সেইসঙ্গে বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে প্রশ্ন না ওঠে।

মো. আসাদুজ্জামান বলেন, এ ধরনের মামলা বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়ার পর তা অনুমোদনের জন্য যখন হাইকোর্টে আসে, তখন পেপার বুক (মামলার বৃত্তান্ত) তৈরিতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়। এই প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ করতে সরকার কাজ করছে।

এর আগে গত ১৯ মে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। পরে মূল ঘাতক সোহেল রানা ও তার সহযোগী স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করা হয়। সোহেল আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।